জৈন্তাপুর প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জৈন্তাপুর উপজেলা ছাত্রদল। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) শাহীন আলম বলেন, এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে আয়োজিত পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।
বিবৃতিতে তারা দাবি করেন, পথসভা শেষে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হামলার শিকার হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। তারা স্পষ্টভাবে বলেন, এ ঘটনার সঙ্গে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
নেতৃদ্বয় আরও বলেন, হামলার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া এ ঘটনার দায় বিএনপি বা ছাত্রদলের ওপর চাপানোর অপচেষ্টারও নিন্দা জানান তারা।
যৌথ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হরিপুরের পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সহযোগিতা সত্ত্বেও এনসিপির মুখ্য সংগঠকের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের নেতারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশের সহাবস্থানমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল ও সংযত বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন