বাংলাদেশের আকাশে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৬ আগস্ট (বুধবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে শনিবার (১৫ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়, যা আগামী ২৬ আগস্ট বুধবার পড়ছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ জাতীয় চাঁদ দেখা কমিটির ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ১ হাজার ৪০০ বছর আগে এই ১২ রবিউল আউয়াল তারিখে আরবের মক্কায় জন্মগ্রহণ করেন মানবতার মুক্তির দূত ও ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.)। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন।
মন্তব্য করুন