নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি দোকান থেকে মোট ৭ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় অবৈধ পলিথিন বিক্রয় ও সংরক্ষণের দায়ে তিনটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট দোকান মালিকদের মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়।
অভিযানকালে ভবিষ্যতে অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বিক্রি না করার জন্য অভিযুক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীকে সতর্ক করা হয়। একই সঙ্গে পরিবেশ দূষণ ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধ এবং অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
জেকে২৪/আরাফাত
মন্তব্য করুন