মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধি:
দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে (জুলাই ২০২৬) মাসের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন চৌকস অফিসার জামিল আহমদ। তিনি বান্দরবানের লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্পের আইসি হিসেবে কর্মরত রয়েছেন।
তাঁর কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম এবং বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হয়। এসব ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে জামিল আহমদকে জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ সম্মাননা তাঁর দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কর্মদক্ষতার ভিত্তিতে এমন স্বীকৃতি পুলিশের অন্যান্য সদস্যদেরও আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে স্বীকৃতি পাওয়ায় এসআই জামিল আহমদকে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।
এসআই জামিল আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ, জুলাই ২০২৬ মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জন শুধু আমার একার নয়, এর পেছনে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে।
আমি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম স্যার, বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার স্যারসহ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁদের মূল্যায়ন ও উৎসাহ আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই। ভবিষ্যতেও সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মন্তব্য করুন