মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা
খুলনার পাইকগাছার গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে এক ঝালমুড়ি বিক্রেতা।
ছুরিকাঘাতে মৃত যুবককে বৃহস্পতিবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত যুবক গাজী রাফেজ আহমেদ খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। এছাড়াও তিনি বীরমুক্তিযোদ্ধা সাবেক কমন্ডার গাজী রুহুল আমিনের ভাইপো।
এদিকে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে আতাউর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে।
তিনি গাজীপুরের কাশিমপুর দক্ষিণ পানিশাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বুধবার রাত ৯টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তীটেক বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর গেটসংলগ্ন নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আরও জানা যায়, ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে রাফেজ আহমেদের সঙ্গে বিক্রেতা আতাউর রহমানের কথা- কাটাকাটি হয়। এ সময় একপর্যায়ে আতাউর দোকানে থাকা মরিচ-পেঁয়াজ কাটার ধারালো ছুরি দিয়ে রাফেজের পেটে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে গড়ইখালীর স্কুল শিক্ষক হাফিজুর রহমান নিশ্চিত করেন।
মন্তব্য করুন