স্টাফ রিপোর্ট মুক্তাদির আল সেলিম
বাইরে থেকে দেখলে নিছক বালুভর্তি একটি ট্রাক। কিন্তু বালুর আড়ালে লুকিয়ে ছিল কোটি টাকার ভারতীয় শাড়ি! সীমান্তপথে চোরাচালানের এমন অভিনব কৌশল ভেস্তে দিয়েছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি এবং আটক করা হয়েছে এক ব্যক্তিকে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের নয়াখেল সাকিনস্থ সারী নদীর ব্রিজের উত্তর পাড়ে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল।
চেকপোস্টে একটি বালুভর্তি হলুদ রঙের বড় ট্রাকে তল্লাশি চালানো হলে পুলিশের সন্দেহ হয়। পরে বিশেষ কৌশলে বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ির সন্ধান মেলে। গণনা শেষে মোট ৪ হাজার ৩৪১ পিস শাড়ি উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার সম পরিমান । একই সঙ্গে শাড়ি পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
এ ঘটনায় আটক মো. আলাল (৩৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সিদ্দেক আলী।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ২৯, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। মামলায় The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারা প্রযোজ্য করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর থানা পুলিশের নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন