মোঃ শরিফুল ইসলাম শাহ, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান-এর নেতৃত্বে পুলিশ বাহিনী ০৮ নং সাইতাড়া ইউনিয়নে মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইউনিয়নের খোচনা চকরামপুর গ্রামের সুইচগেট সংলগ্ন শ্মশানের দক্ষিণ-পূর্ব পাশে বটগাছের নিচে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় নরেশ (৫০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাতেহা তুজ জোহরা-কে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে অপরাধ স্বীকার করায় জুয়া আইনে আসামি নরেশ (৫০)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত নরেশ চিরিরবন্দর উপজেলার খোচনা মাঝাপাড়া গ্রামের মৃত গেন্দুরাম রায়ের ছেলে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও জুয়া বিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন