শাহ সাহিদ উদ্দিন কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা মুরাদনগরে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৬ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার মুরাদনগর থানার গকুলনগর এলাকায় গাউছিয়া সুপার মার্কেট সংলগ্ন বদিউল আলম মিয়ার পুকুরের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞাতনামা একটি গাড়ির চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় মহাসড়কে অবস্থানরত প্রায় ৫৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি সনাক্তে কাজ চলছে। এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, দুর্ঘটনার পরও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন