গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা তাঁর বিরুদ্ধে মন্দির উদ্বোধন নিয়ে ছড়িয়ে পড়া অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
৫ জুলাই রোববার এমপি তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে এই প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদে তিনি উল্লেখ করেন, পলাশবাড়ীর মধ্যরামচন্দ্রপুর (হাসবাড়ী) এলাকায় নির্মাণাধীন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দিরের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপনের কোনো অনুষ্ঠানে তিনি অংশ নেননি এবং এ বিষয়ে তাঁকে আমন্ত্রণ ও জানানো হয়নি।
তিনি জানান, স্থানীয় সমাজসেবক হরিদাস বাবুর উদ্যোগে আয়োজিত হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাই তাঁর দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
এমপি লেবু অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
পাশাপাশি, তাঁর বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
মন্তব্য করুন