বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাফায়েত হোসেন
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান। এ মসজিদকে ঘিরে চলমান উন্নয়ন, দান ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেছেন সাংবাদিক মোহাম্মদ শাফায়েত হোসেন।
জানা যায়, পাগলা মসজিদকে কেন্দ্র করে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনায় মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য ইসলামিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। নির্মাণকাজ শেষ হলে একসঙ্গে প্রায় এক লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, পাগলা মসজিদে প্রাপ্ত দানের অর্থ শরিয়াহসম্মত ও জনকল্যাণমূলক খাতে ব্যয় করা হয়। বিশেষ করে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা প্রদান করা হয়।
এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত নারী-পুরুষ দর্শনার্থী ও মুসল্লিদের জন্য পর্যায়ক্রমে উন্নত সেবার ব্যবস্থা এবং প্রয়োজনীয় আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিন হাজারো মানুষ ইবাদত, মানত এবং দান করতে আসেন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে এর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে ধর্মীয় শিক্ষা ও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
মন্তব্য করুন