মোঃ শরিফুল ইসলাম শাহ চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে দিপ চন্দ্র রায় নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (০৪ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার ০৬ নং অমরপুর ইউনিয়নের ক্যালেনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দিপ চন্দ্র রায় উপজেলার মহলবাড়ী (বড়দিঘী দূর্গাডাঙ্গা) গ্রামের শুভ চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দিপ চন্দ্র রায় প্রায় পাঁচ মাস ধরে তার মা হীরামতির সাথে ক্যালেনপাড়া গ্রামে নানা ভবেশ চন্দ্র রায়ের (৭২) বাড়িতে অবস্থান করছিল।
তার মা প্রতিদিনের ন্যায় সকালে দিনাজপুর ইপিজেডে চাকরিতে চলে যান। বেলা আনুমানিক দশ-টা তিরিশের দিকে শিশু দিপ নানাবাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সাথে বাবু নামের এক ব্যক্তির পুকুর পাড়ে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে সকলের অগোচরে ও অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে ভ্যানযোগে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, ঘটনার পর নিহতের চাচা শ্রী রনি রায় (১৯) থানায় উপস্থিত হয়ে একটি অপমৃত্যুর সংবাদ প্রদান করেন। এ বিষয়ে চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৪৮, তারিখ: ০৪/১০/২০২৬খ্রিঃ) রুজু করা হয়েছে।
তিনি আরো জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় বিষয়টি তদন্তাধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিশুটির এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন